
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে কলেজে ভর্তি কার্যক্রম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে আটটায় প্রকাশিত চূড়ান্ত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানতে পেরেছেন। নির্বাচিত শিক্ষার্থীরা আজ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবেন।
ভর্তির চূড়ান্ত ফল শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করে দেখতে পারবেন। একই সঙ্গে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরেও ফল এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান। যদিও অনলাইনে আবেদন করেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন। এ ছাড়া দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে কলেজ হিসেবে নির্বাচন করেননি। ফলে এসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী মনোনয়ন পাননি। একইভাবে ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।