
কোনোভাবেই ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না, দেশের জন্য ও জনগণের জন্য ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে। আবার আমরা এখন আমাদের মনমানসিকতা দিয়ে দেশের নির্বাচিত সরকার হিসেবে জনগণের জন্য চালাব, সেটার ওপর নির্ভর করে। কোনোভাবেই ব্যক্তিগতভাবে কেউ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে পারবেন না। দেশের জন্য, জনগণের জন্য ব্যবহার করতে হবে। নির্বাচিত সরকারের জন্য এটি একটি বড় দায়িত্ব। কারণ নির্বাচিত সরকারের জবাবদিহি রয়েছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে যে সরকার ছিল, তাদের কোনো জবাবদিহি ছিল না। যা ইচ্ছা তা, যখন যেটা মনে পড়েছে, যখন যেটা দরকার পড়েছে, সেটা করে নিয়েছে। এভাবেই তো স্বর্ণ ব্যবসায়ীরা উপকৃত হবেন না, অন্য ব্যবসায়ীরা উপকৃত হবেন না, সাধারণ মানুষ উপকৃত হয়নি। এজন্য ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়ে আমাদের আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, আপনার ব্যবসা ও অবস্থান তত বেশি মজবুত হবে।