
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে শিগগিরই কোনো একটি পরিণতি আসবে বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনায় একটি জনসভা থেকে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ইরানের সঙ্গে আলোচনা চলছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমার মনে হয় না আমরা আলোচনা করছি। তবে একভাবে হোক বা অন্যভাবে, শিগগিরই কিছু একটা ঘটবে।’
ট্রাম্প আরও বলেন, অধিকাংশ মানুষ মনে করছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন কী ঘটে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।
এর আগে দক্ষিণ ক্যারোলাইনার জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানতে পারে। তবে তিনি এমন একটি পরিণতি নিশ্চিত করতে চান, যা দীর্ঘস্থায়ী হবে।