গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়া পাম্প সংলগ্ন চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতের কোনো এক সময়ে এই চুরি সংঘটিত হয় বলে ধারণা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের দপ্তরি এসে অফিস কক্ষসহ ৪টি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা তিনি দেখতে পান, আলমারি খোলা এবং প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ কালিয়াকৈর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করে।
এ বিষয়ে চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহেরা আক্তার জানান, চোর চক্রটি বিদ্যালয় থেকে ২টি ল্যাপটপ, ১টি স্মার্ট বোর্ড, ১টি সিসিটিভি ক্যামেরা, আইপিএস-এর ব্যাটরি ও চার্জার, ১টি রাউটার ও অনু, ১টি ফ্যান, ২টি বাল্ব, ১টি ডিজিটাল ঘড়ি, ১টি মাল্টিপ্লাগ এবং নগদ ৬ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।